জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্বে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল

জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্বে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি পদ থেকে মো. সাহাবুদ্দিন পদত্যাগের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। ফলে সাংবিধানিক নিয়ম অনুযায়ী জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার হিসেবে দায়িত্ব পালন করবেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

এর আগে দুপুরে গুরুতর শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

সংবাদ সম্মেলনে স্পিকার বলেন, রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, স্পিকার হিসেবে শপথ নেওয়ার দিনই প্রয়োজন হলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালনের শপথ নিয়েছিলেন তিনি। একইভাবে সাংবিধানিক নিয়ম অনুযায়ী স্পিকার রাষ্ট্রপতির দায়িত্বে গেলে ডেপুটি স্পিকার স্পিকারের দায়িত্ব পালন করবেন।

হাফিজ উদ্দিন আহমদ জানান, সেই ধারাবাহিকতায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এখন থেকে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্ব পালন করবেন।

রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, শারীরিক অসুস্থতার কারণেই মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। পদত্যাগপত্রে তিনি নিজের অসুস্থতার বিস্তারিত উল্লেখ করেছেন। সেখানে বলা হয়েছে, অসুস্থতার কারণে তিনি মাঝে মাঝে অচেতন হয়ে পড়েন। তাই এ বিষয়ে আলাদা কোনো চিকিৎসকের সনদের প্রয়োজন নেই।

স্পিকার আরও বলেন, রাষ্ট্রপতির পদত্যাগের মধ্য দিয়ে এ বিষয়ে সব ধরনের ধোঁয়াশার অবসান হয়েছে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ কখনো শূন্য থাকে না এবং নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় দায়িত্ব বণ্টন সম্পন্ন হয়েছে।

Loading