স্থায়ী হলেন বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী

স্থায়ী হলেন বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী
বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী দৈনিক খবর বাংলা

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। সোমবার (২১ সেপ্টেম্বর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন ও বিচার বিভাগ।

এ নিয়োগ শপথ গ্রহণের তারিখ হতে কার্যকর হবে। এর আগে ২০২৪ সালের ৮ অক্টোবর অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছিলেন দেবাশীষ রায় চৌধুরী।

বর্তমানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর সন্তান দেবাশীষ রায় ব্রিটেন থেকে আইনে ডিগ্রি নেওয়ার পর ২০০৫ সালে জেলা আদালত, ২০০৭ সালে হাইকোর্ট ও ২০১৮ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভূক্ত হন। বিচারপতির শপথ  কবে দেওয়া হবে সেটি জানানো হয়নি।

এর আগে হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগের জন্য বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীকে সুপারিশ করা হয়নি। নির্ধারিত সময়ে তার বয়স ৪৫ বছর পূর্ণ না হওয়ায় তাকে স্থায়ী করা হয়নি।

২০২৪ সালে একসঙ্গে নিয়োগ পাওয়া অন্য ২২ অতিরিক্ত বিচারককে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া ২২ বিচারপতি হলেন—বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার, বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন, বিচারপতি মো. মনসুর আলম, বিচারপতি সৈয়দ জাহেদ মনসুর, বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজা, বিচারপতি মো. যাবিদ হোসেন, বিচারপতি মুবিনা আসাফ, বিচারপতি কাজী ওয়ালিউল ইসলাম, বিচারপতি আইনুন নাহার সিদ্দিকা, বিচারপতি মো. আবদুল মান্নান, বিচারপতি তামান্না রহমান, বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ, বিচারপতি মো. হামিদুর রহমান, বিচারপতি নাসরিন আক্তার, বিচারপতি সাথিকা হোসেন, বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেন, বিচারপতি মো. তৌফিক ইনাম, বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমন, বিচারপতি শেখ তাহসিন আলী, বিচারপতি ফয়েজ আহমেদ, বিচারপতি মো. সগীর হোসেন ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজী।

অর্থাৎ, ২০২৪ সালে একসঙ্গে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পাওয়া ২৩ জনের মধ্যে একমাত্র বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী তখন স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পাননি।

সে সময় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বয়স ৪৫ বছর পূর্ণ হবে। এরপর সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী তাকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগের জন্য সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল সুপারিশের বিষয়ে সিদ্ধান্ত নেবে।

সেই সিদ্ধান্তের ধারাবাহিকতায় এবার বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীকে হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

Loading