সাভারে বেপরোয়া বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যাংক কর্মকর্তা নিহত

সাভারে বেপরোয়া বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যাংক কর্মকর্তা নিহত

নিজস্ব প্রতিবেদক : মোটরসাইকেলযোগে কর্মস্থলে যাওয়ার পথে বেপরোয়া বাসের ধাক্কায় সৈয়দ নেয়ামুল হক (৩৪) নামের এক ব্যাংক কর্মকর্তা মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। নিহত নেয়ামুল বরিশাল জেলা উত্তর মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) সদস্য ও গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সাংবাদিক সৈয়দ নকিবুল হকের জ্যেষ্ঠ পুত্র।

শনিবার (২৫ জুলাই) সকালে সাভার এলাকায় এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল জেলার গৌরনদী উপজেলার উত্তর বাউরগাতি গ্রামের বাসিন্দা নেয়ামুল হক কর্মসূত্রে দীর্ঘদিন ধরে সাভারে বসবাস করছিলেন এবং সেখানকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো শনিবার সকালেও তিনি নিজস্ব মোটরসাইকেল নিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে যানজটে আটকে থাকা অবস্থায় পেছন থেকে একটি বেপরোয়া গতির বাস তার মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নেয়ামুলকে মৃত ঘোষণা করেন।

সন্তানের মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়েন প্রবীণ সাংবাদিক সৈয়দ নকিবুল হক। বিলাপ করতে করতে তিনি জানান, ছেলে প্রতিদিনের মতো সকালেও হাসিমুখে অফিসের উদ্দেশ্যে বেরিয়েছিল, কিন্তু পথেই ঘাতক বাস তার প্রাণ কেড়ে নিল।

এদিকে, সাংবাদিকপুত্রের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুর সংবাদে তার নিজ গ্রাম গৌরনদীর উত্তর বাউরগাতিসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সাংবাদিক সৈয়দ নকিবুল হকের জ্যেষ্ঠ পুত্রের অকাল মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি আহমেদ আবু জাফর ও সাধারণ সম্পাদক লায়ন মো. আবুল হোসেন এক যৌথ বিবৃতিতে নিহতের রুহের মাগফিরাত কামনা করেন।

এছাড়া শোকপ্রকাশ করেছেন বিএমএসএফ-এর কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক খোকন আহম্মেদ হীরা, যুগ্ম সম্পাদক নুরুল হুদা বাবু, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুমন তালুকদার, বিএমএসএফ বরিশাল জেলা উত্তর শাখার সভাপতি এস এম মিজান, সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, সহ-সভাপতি জামিল মাহমুদ, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বরিশাল জেলা উত্তর শাখার সভাপতি তারেক মাহমুদ আলী এবং সাধারণ সম্পাদক কাজী বায়েজীদ রনিসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Loading