বরিশালে ২৪৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক : বরিশাল সদর উপজেলায় ২৪৮ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কাউনিয়া থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের চূড়ামন এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন শায়েস্তাবাদের রামকাঠি এলাকার মৃত জালাল রাঢ়ীর ছেলে শাহীন রাঢ়ী।
পুলিশ জানায়, শায়েস্তাবাদ এলাকায় মাদকের একটি চালান বেচাকেনা হচ্ছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে সাব-ইনস্পেক্টর (এসআই) জ্যেতির্ময়ের নেতৃত্বে কাউনিয়া থানা পুলিশের একটি চৌকস দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে শাহীনকে আটক করা হয়। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে ২৪৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজিৎ চন্দ্র নাথ জানান, “মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে ২৪৮ পিস ইয়াবাসহ শাহীন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”




মন্তব্য বন্ধ আছে।