মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল ও ভোলার গ্যাসে দক্ষিণাঞ্চলের শিল্পায়নের দাবি, বরিশালে বাসদের বিভাগীয় কর্মীসমাবেশ শুরু
নিজস্ব প্রতিবেদক : মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল, বিদ্যুৎ ও গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার এবং ভোলার গ্যাস ব্যবহার করে দক্ষিণাঞ্চলের শিল্পায়ন ও আবাসিক খাতে সংযোগ দেওয়ার দাবিতে বরিশালে শুরু হয়েছে দুই দিনব্যাপী বিভাগীয় কর্মী সমাবেশ ও শিক্ষাশিবির।
শুক্রবার (৩১ জুলাই) বরিশাল নগরীর কীর্তনখোলা মিলনায়তনে বাসদ বরিশাল জেলা শাখার আয়োজনে এই কর্মসূচি শুরু হয়।
বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ড. মনীষা চক্রবর্তীর সভাপতিত্বে প্রথম দিনের সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের বামপন্থি আন্দোলনের অন্যতম শীর্ষ ব্যক্তিত্ব ও বাসদের প্রতিষ্ঠাতা আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা কমরেড খালেকুজ্জামান।
সমাবেশে আরও বক্তব্য দেন বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ, সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড জনার্দন দত্ত নান্টু, কেন্দ্রীয় বর্ধিত ফোরামের সদস্য ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক কমরেড আহসান হাবিব বুলবুল, পটুয়াখালী জেলা সমন্বয়ক অ্যাডভোকেট জহিরুল আলম সবুজ, বরিশাল জেলা সদস্য বেল্লাল গাজী, শহিদুল ইসলাম, সুজন আহমেদ এবং ঝালকাঠি জেলা প্রতিনিধি রমজান আকনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, মার্কিন বাণিজ্য চুক্তি মূলত বাংলাদেশের ওপর এক ধরনের দাসখত হিসেবে চাপিয়ে দেওয়া হয়েছে। এ চুক্তির ফলে বাংলাদেশকে বাজারমূল্যের চেয়ে ৫০ শতাংশ বেশি দামে যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানি করতে হবে এবং ১৪টি বোয়িং বিমান কিনতে বাধ্য করা হচ্ছে। এমনকি রাশিয়া বা চীনের মতো দেশগুলোর সঙ্গে চুক্তি করতে হলেও আমেরিকার পূর্বানুমতি নিতে হবে, যা দেশের সার্বভৌমত্ব ও অর্থনীতির জন্য অত্যন্ত বিপজ্জনক। অবিলম্বে এই দেশবিরোধী চুক্তি বাতিলের দাবি জানান তাঁরা।
একইসঙ্গে বিদ্যুৎ ও গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহারের কঠোর দাবি জানিয়ে নেতারা বলেন, দক্ষিণাঞ্চলের গ্যাস সংকট দূর করতে ভোলার গ্যাস দিয়েই এ অঞ্চলে দ্রুত শিল্পায়ন ও বাসা-বাড়িতে আবাসিক সংযোগ নিশ্চিত করতে হবে।
কর্মী সমাবেশে দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট মোকাবিলায় জনগণকে সাথে নিয়ে রাজপথে আন্দোলন গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়। এছাড়া আয়োজিত শিক্ষাশিবিরে কার্ল মার্ক্স ও ফ্রিডরিখ এঙ্গেলসের ‘কমিউনিস্ট পার্টির ইশতেহার’ এবং ভ্লাদিমির লেনিন রচিত ‘কমিউনিস্ট পার্টি সংগঠনের মূলনীতি’ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
পুঁজিবাদ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সর্বহারা শ্রেণীর অগ্রগামী শক্তি হিসেবে সমাজতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামকে আরও শক্তিশালী করতে বাসদ কর্মীদের একযোগে কাজ করার আহ্বান জানান নেতৃবৃন্দ।



মন্তব্য বন্ধ আছে।