বরিশাল বিশ্ববিদ্যালয় ও ইন্দোনেশিয়ার ইউনিভার্সিটাস নেগেরি পাডাংয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর, বাড়বে যৌথ গবেষণা ও শিক্ষার্থী বিনিময়
নিজস্ব প্রতিবেদক : উচ্চশিক্ষা, গবেষণা ও আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতা সম্প্রসারণে নতুন এক মাইলফলক স্পর্শ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ এবং ইন্দোনেশিয়ার ইউনিভার্সিটাস নেগেরি পাডাং-এর ম্যাথমেটিক্স অ্যান্ড ন্যাচারাল সায়েন্স অনুষদের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ের সভাকক্ষে ‘উচ্চশিক্ষার সুযোগ ও সম্ভাবনা’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দুই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উচ্চশিক্ষা, গবেষণা এবং আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে মতবিনিময় করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ। তিনি বলেন, এই সমঝোতা স্মারক দুই বিশ্ববিদ্যালয়ের পারস্পরিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে এবং শিক্ষা ও গবেষণায় আন্তর্জাতিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে।
তিনি আরও বলেন, শিক্ষক ও শিক্ষার্থী বিনিময় কর্মসূচি, যৌথ গবেষণা, একাডেমিক অভিজ্ঞতা বিনিময় এবং আন্তর্জাতিক মানের শিক্ষা কার্যক্রম পরিচালনার মাধ্যমে উভয় বিশ্ববিদ্যালয়ই সমানভাবে উপকৃত হবে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের বৈশ্বিক জ্ঞানচর্চা ও গবেষণার সুযোগ বাড়ানোর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিকীকরণ প্রক্রিয়াকেও ত্বরান্বিত করবে।
অনুষ্ঠানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. ধীমান কুমার রায়, গণিত বিভাগের চেয়ারম্যান ড. বিজন কৃষ্ণ সাহা, সহযোগী অধ্যাপক ড. শফিউল আলম, পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. রহিমা নাসরিন, রসায়ন বিভাগের চেয়ারম্যান ড. মাসুদ পারভেজ, পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান আহসানুল হক এবং বহিরাঙ্গণ কার্যক্রম অফিসের ভারপ্রাপ্ত পরিচালক মুহাম্মদ রিসালাত রফিক উপস্থিত ছিলেন।
ইন্দোনেশিয়ার ইউনিভার্সিটাস নেগেরি পাডাংয়ের পক্ষে অনুষ্ঠানে অংশ নেন ম্যাথমেটিক্স অ্যান্ড ন্যাচারাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. ইউকিফলি, এগ্রোইন্ডাস্ট্রি বিভাগের প্রধান ড. রেস্টি ফেবরিয়া এবং গবেষক রনি জারলিস ও শান্তি ডিয়ানা।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের বহিরাঙ্গণ কার্যক্রম অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, পরিচালক এবং শিক্ষকবৃন্দ অংশ নেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই সমঝোতা স্মারক বাস্তবায়নের মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা, জ্ঞান বিনিময় এবং উচ্চশিক্ষার নতুন সুযোগ সৃষ্টি হবে, যা উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য দীর্ঘমেয়াদে ইতিবাচক ভূমিকা রাখবে।




মন্তব্য বন্ধ আছে।