বানারীপাড়ায় মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগ: যুবককে লাঞ্ছিত, তদন্তে পুলিশ
নিজস্ব প্রতিবেদক : বরিশালের বানারীপাড়ায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে এক যুবককে মারধর ও জুতার মালা পরিয়ে ঘোরানোর ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের একতারহাট এলাকার গোপাল মার্কেটে এ ঘটনা ঘটে। অভিযুক্ত যুবকের নাম সঞ্জিব রায় (২৭)।
স্থানীয় সূত্রে জানা যায়, সঞ্জিব রায়ের বিরুদ্ধে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন তাকে আটক করে মারধর করেন। একপর্যায়ে তার গলায় জুতার মালা পরিয়ে বাজার এলাকায় ঘোরানো হয়।
পরে উপস্থিত জনতার সামনে সঞ্জিব রায় দুই হাত জোড় করে নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন। স্থানীয়দের দাবি, তিনি ক্ষমা চেয়ে ভবিষ্যতে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন কোনো মন্তব্য আর করবেন না বলে প্রতিশ্রুতি দেন। এরপর তাকে তার বাবা শরৎ রায়ের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
এদিকে, ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে।
বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, “ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
তবে অভিযুক্তের বিরুদ্ধে ধর্মীয় অবমাননার অভিযোগ এবং তাকে মারধর ও অপদস্থ করার ঘটনার বিষয়ে পুলিশের তদন্ত এখনো চলমান। অভিযোগের সত্যতা এবং ঘটনার সার্বিক পরিস্থিতি তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।




মন্তব্য বন্ধ আছে।