প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালেন মসজিদের ইমাম, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ উধাও
- নিজস্ব প্রতিবেদক : বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নে প্রবাসীর স্ত্রীকে নিয়ে এক মসজিদের ইমামের পালিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। গত শুক্রবার জুমার নামাজের পরপরই এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্র ও পরিবার সূত্রে জানা গেছে, নিখোঁজ গৃহবধূ লাইজু আক্তার শাম্মি বাবার বাড়ি যাওয়ার অজুহাত দেখিয়ে ঘর ছাড়েন। যাওয়ার আগে তিনি পোলাও ও মাংস রান্না করে টিফিন ক্যারিয়ারে ভরেন। এরপর নিজ কন্যা সন্তান, নগদ অর্থ, মূল্যবান স্বর্ণালংকার এবং জামাকাপড় সঙ্গে নিয়ে উধাও হয়ে যান। অভিযোগ উঠেছে, তিনি স্থানীয় মসজিদের ইমাম মো. বেল্লাল ফকিরের সঙ্গে পালিয়ে গেছেন।
পরকীয়ার অভিযোগ এনে অপহৃত প্রবাসীর মা (শাশুড়ি) জানান, দীর্ঘদিন ধরেই বেল্লাল ফকিরের সঙ্গে তার পুত্রবধূর নিয়মিত যোগাযোগ ছিল। তারা ঘণ্টার পর ঘণ্টা মুঠোফোনে কথা বলতেন। স্থানীয় বাসিন্দারাও একাধিকবার তাদের একসঙ্গে চলাফেরা করতে দেখেছেন বলে জানিয়েছেন।
এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসীর পরিবারের পক্ষ থেকে উজিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম জানান, ডায়েরি গ্রহণের পর ঘটনাটির সত্যতা যাচাই ও নিখোঁজদের উদ্ধারে ইতোমধ্যে পুলিশি তদন্ত শুরু হয়েছে।
এদিকে এক ধর্মীয় নেতার এমন কর্মকাণ্ডে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ক্ষুব্ধ এলাকাবাসী।




মন্তব্য বন্ধ আছে।