সুগন্ধা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক : বরিশাল-ঢাকা মহাসড়কের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর নিচে সুগন্ধা নদী থেকে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে এয়ারপোর্ট থানা পুলিশ।
বুধবার (২২ জুলাই) সকাল ১০টার দিকে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই নারীকে বেশ কিছুদিন ধরে সেতুর আশপাশে ঘোরাফেরা করতে দেখা যেত। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে ধারণা করছেন স্থানীয়রা। তবে এ বিষয়ে পুলিশ এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
খবর পেয়ে এয়ারপোর্ট থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল শেষে মরদেহটি উদ্ধার করে। নিহত নারীর পরিচয় এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি।
পুলিশ জানিয়েছে, মরদেহের পরিচয় শনাক্তের পাশাপাশি মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে প্রয়োজনীয় আইনি কার্যক্রম চলছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।




মন্তব্য বন্ধ আছে।